
নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে মসজিদের সামনে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের সোনারায় কলোনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মৃত উপজেলার হরিনচড়া ইউনিয়নের সোনারায় কলোনিপাড়া এলাকার বাসিন্দা কছির উদ্দিনের ছেলে মজির উদ্দিন (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে ফিরোজ আল মতু মসজিদের সামনে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এতে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মজির উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জিএম/এসকে




