
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজার প্রতিবাদে বৃহস্পতিবার ঝিনাইদহে আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবদুল মালেক বলেন, সম্পূর্ণ রাজনৈতিক মামলায় মসিউর রহমানকে সাজা দেয়া হয়েছে। জনপ্রিয় নেতাদের আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ মামলায় সাজা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।
বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তার ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।
এসএস




