
কক্সবাজারে ফের রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালী এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে নৌকাডুবির পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম বলেন, মঙ্গলবার সকালে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাইল্যাখালী এলাকার কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। এসময় চার রোহিঙ্গাকে মৃত ও ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আবুল খায়ের বলেন, সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ পর্যন্ত ৩২ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এসএস




