
দ্বাদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি অমান্য করে গেট নির্মাণ ও আলোকসজ্জা করায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর রেলক্রসিং এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজুর রহমানের এক সমর্থককে এ জরিমানা করা হয়।
বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মনিটরিং পর্যবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন এই জরিমানা করেন।
তিনি জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে কাঁচি মার্কার প্রচারণার জন্য গেট নির্মাণ ও তাতে আলোকসজ্জা করার কাঁচি মার্কার সংশ্লিষ্ট সমর্থককে নির্বাচনের বিধিমালার ১০(ক) বিধি লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয় ও গেট অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।




