ভালুকায় খাদে ডুবে ভাইবোনের করুণ মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০৪:২৭ পিএম


ভালুকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে ২ ভাইবোনের মৃত্যু হয়েছে। মো. জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামের ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেসমিন নাহার রানী।

স্থানীয়রা জানান, সোয়াইল উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ সরকার ও প্রবাসী রূপচান সরকারের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার এবং তার ছোট বোন তামান্না আক্তার (৮) গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আম কুড়াতে যায়। পরে তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খালসংলগ্ন সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামে। কিন্তু তীর থেকে পানি নিচে থাকায় খাদ থেকে তারা তিনজনই উঠতে পারছিল না। তখন দুই ভাইবোন মিলে তামান্নাকে তীরে তুলে বাড়িতে দ্রুত খবর দিতে পাঠায়। তামান্না বাড়িতে পৌঁছে খবর দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ‘খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission