
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ আবদুর রাকিব (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে দেন। রাকিবের স্ত্রী সাবেক এমপি আলেয়া আফরোজ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
যশোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ২২ ডিসেম্বর বাদ জুম্মা যশোর ঈদগাহ ময়দানে শরীফ আবদুর রাকিবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুরের ছেলে রাকিব ১৯৭২ সালে পড়াশুনার সূত্রে যশোর আসেন। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ পথচলা তার। ১৯৮৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত টানা ১৮ বছর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর বারের সভাপতি ছিলেন। ছিলেন রাইটস যশোরের সভাপতিও।
জেবি/পি




