
জিয়াউর রহমানের সময় ভোটের অধিকার ১০টি হোন্ডা আর ২০টি গুণ্ডায় ঠাণ্ডা করা হয়েছে। আর এরশাদের সময় রাতের অন্ধকারে মিডিয়া ক্যুর মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থীদের জয়যুক্ত করা হয়েছে। বলেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
রোববার দুপুরে যশোর টাউন হল ময়দানে যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুবলীগ সভাপতি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়। তাঁর কাছে উন্নয়নের মানে হলো জাতির শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, কৃষির উন্নয়ন, মেধা ও মননের উন্নয়ন।
তিনি বলেন, জনগণের ক্ষমতায়নের মূল কথা হলো সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্রে থাকবে জনগণ। একথা মাথায় রেখে জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি শান্তিময় প্রগতিশীল দেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। জনগণের ক্ষমতায়নের ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে জেলা যুবলীগ এই প্রতিনিধি সভার আয়োজন করে।
জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যশোর যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।
জেবি/পি




