
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। ফুঁসে ওঠা উত্তাল ঢেউয়ের সঙ্গে হাজারও পর্যটক মেতে উঠেছেন বাঁধভাঙা উল্লাসে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও লম্বা ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। ইতোমধ্যে সৈকতসংলগ্ন ৯০ থেকে ৯৫ শতাংশ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। প্রাণ ফিরে পেয়েছে সমুদ্রপাড়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া অনেক পর্যটকের আনন্দকে ম্লান করেছে।

বুধবার থেকে গুড়িগুড়ি বৃষ্টির পর বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ক্ষুদ্র ব্যবসায়ী দ্বীন ইসলাম বলেন, ঈদের ছুটিতে বিক্রি মোটামুটি ভালো ছিল। কিন্তু আজকের বৃষ্টিতে বিক্রি একেবারেই হয়নি।
অটোচালক কামাল হোসেন বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পারছি না। পর্যটকরা কোথাও যাচ্ছে না। আশা করেছিলাম এই ছুটিতে কিছু আয় হবে, কিন্তু তা আর হলো না।
সৈকত এলাকায় ঘুরে দেখা যায়, অনেকে হোটেল কক্ষে অবস্থান করছেন, আবার অনেকেই ঝুঁকি নিয়েই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
পর্যটক মো. শাকিল বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে ফেরা যায় না। আবহাওয়া খারাপ হলেও ঢেউয়ের সঙ্গে মজা করছি। তবে অন্য দর্শনীয় স্থানে যাওয়া সম্ভব হচ্ছে না।
প্রথমবার কুয়াকাটায় আসা পর্যটক ফারজানা আক্তার বলেন, সমুদ্রের সৌন্দর্য দারুণ লাগছে। কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় ঘোরা হয়নি।
হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, দুর্গাপূজার টানা ছুটিতে কুয়াকাটায় রেকর্ডসংখ্যক পর্যটক এসেছেন। সৈকত সংলগ্ন হোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আশপাশের হোটেলগুলোও প্রায় পূর্ণ। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু বুকিং বাতিল হয়েছে। কুয়াকাটায় থাকা পর্যটকরা দূরের স্পটে যেতে পারছেন না।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে বুকিং বাতিল হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণপিপাসুরা আসতে চাইছেন, কিন্তু আবহাওয়ার কারণে অনেকে আসতে পারছেন না। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন হোটেল-মোটেল মালিকরা।
এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকত ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ভোগান্তি থাকলেও উত্তাল ঢেউয়ের সঙ্গে মেতে ওঠা পর্যটকদের উচ্ছ্বাস সমুদ্রপাড়ে বাড়তি আনন্দ ছড়াচ্ছে।
আরটিভি/এমকে




