
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে চাচাশ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, তার ভাইজির স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক মো. মুকতু মিয়া কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
অভিযুক্ত সোহেল মিয়া ঘাগড়া একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। তিনি, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে নিহত মুকতু মিয়ার প্রবাসী ছেলেকে মুঠোফোনে বিয়ে করানো হয় কাটখাল ইউনিয়নে। সম্প্রতি ছেলে দেশে এলে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় মুকতুর ছেলের বৌ বাপের বাড়ি চলে যায়।
এ নিয়ে মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল কয়েক দিন ধরে। আজ শুক্রবার সকালে এই ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ঝগড়া শুরু হয়। এ সময় তাদের পাশেই মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া কোদাল দিয়ে কাজ করছিলেন, এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়াকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন মুকতু মিয়া। পরে স্বজনরা মুকতু মিয়াকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক। তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এস




