
কুমিল্লার তিতাস উপজেলার ওলুকান্দি গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ছয় বছর বয়সী তাজিন ভূঁইয়ার (৬) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাজিন। একপর্যায়ে হঠাৎ সে ডোবায় পড়ে যায়। ওই সময় অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে থেকে তাজিনকে উদ্ধার করেন তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাজিনের মা তাছলিমা কাঁদতে কাঁদতে বিলাপ করছেন, ‘ভালা ছেলেরে বাড়িতে রাইখা, ওর জন্য গেঞ্জি, প্যান্ট আর দই-নিমকি বাজার থেকে কিনে আনলাম। আর বাড়িতে ফিরে দেখি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ হয়ে ফিরছে আমার আদরের ছেলে। এহন আমারে কে মা বইলা ডাকব? আমার কী দোষে আল্লাহ এমন পরীক্ষা করল? তারে নিয়া আমার অনেক স্বপ্ন আছিল। এহন তার বাপেরে কী বুজ দেমু? ছেলে ছাড়া আমি ক্যামনে বাঁচমু?’
বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, একমাত্র ছেলের শোকে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছেন তাছলিমা। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারও নেই।
আরটিভি/এস




