
পাবনার ঈশ্বরদীতে মারামারির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খয়েরদাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আয়শা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আতর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়শা বেগমের বাড়ির সামনে বারেক নামে এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। শুক্রবার রাতে ওই দোকানের সামনে গিয়ে পূর্বের একটি বিষয় নিয়ে কথা বলছিলেন আয়শা বেগমের ছেলে সালাম। এ সময় তুচ্ছ ঘটনায় ওই দোকানদারের সাথে সালামের কথা কাটাকাটি শুরু হয়। পরে এক পর্যায়ে দোকানদার বারেক ও সালামের মধ্যে মারামারি বাঁধলে আয়শা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান আয়শা বেগম। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরটিভি/কেএইচ




