
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার অপসারণের বিষয়টি জানানো হয়।
এর আগে চলতি বছরের ৭ জুলাই অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়। অভিযোগে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়সহ নানা অনিয়মের কথা উল্লেখ ছিল।
অভিযোগের পর মন্ত্রণালয় যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ৩০ জুলাই খাগড়াছড়িতে পরিষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ৩১ আগস্ট অনাস্থা প্রস্তাবের ওপর তদন্ত সভা করে।
পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছিল।
আরটিভি/এমকে




