
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রাসেল ও ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ তিনি জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এরে আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খানকে (৩০)।
পুলিশ সুপার মু. শামসুল আলম সরকার জানান, বেশ কিছু দিন আগে অভিযুক্তদের নিজেদের মোবাইলে ধারনকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রশিক্ষণ সংক্রান্ত একটি আড়াই মিনিটের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিরা ধরা পড়ে গোয়েন্দা পুলিশের জালে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর স্থানটি মুন্সীগঞ্জের, শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুর পাড়ের এবং অভিযুক্তরা ব্যক্তিরা বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল এবং তার গ্রুপের সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার অস্ত্র চালানোর প্রশক্ষণ সংশ্লিষ্ট প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাঘড়া এলাকায় একটি স্থানে দাঁড়িয়ে চার যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো প্রশিক্ষণ নিচ্ছে।
আরটিভি/এএএ




