
শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
উৎসবমুখর এ নদী যাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে।
নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ।
আরটিভি/এফএ




