
মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসহ গ্রামে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুইজন সহকারী ওই গোডাউনে ফার্নিচারের কাজ করছিলেন। গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবারের সদস্যরা গাংনী থানায় খবর দেন। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ফার্নিচারের কাজ চলছিল, কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। তবে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগী এখনো নিখোঁজ। তাদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আরটিভি/এস




