
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।
মনজুর আলম কাটগড় এলাকার বাসিন্দা শক্কুর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, মনজুর আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাটগড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে কাটগড় এলাকা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলম নামে এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
আরটিভি/এফএ




