
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুপোতা ও পুটিমারী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ সেতু ভেঙে পড়ায় দুই এলাকার মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।
বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে এটা আকস্মিকভাবে ভেঙে পড়ে ব্রিজটি।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর ওপর ২০০০ সালে তৎকালীন সরকার এই ব্রিজটি নির্মাণ করেন। উলুবুনিয়া নদী উপর এ ব্রিজটি নির্মাণের ফলে পুটিমারী ও লতা ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘব হয়। দুপাড়ে তিনটি বিদ্যালয় ও তিনটি বাজার ও এলাকাবাসীসহ সর্বসাধারণ যাতায়াত করেন এ ব্রিজের ওপর দিয়।
এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।
স্থানীয় বাসিন্দা মিজান সানা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কেউ কোনদিন এদিকে নজর দেয়নি। এটা ভেঙে পড়ায় সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এ দিকে ব্রিজটি ভেঙে পড়লে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব বলেন, বর্তমানে এখানে পুনরায় পাকা ব্রিজ নির্মাণ করা সময় সাপেক্ষ, প্রসেসিং ও অর্থের প্রয়োজন। এ কারণে ইউএনওর নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণ করে জনভোগান্তি দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনভোগান্তি লাঘবে অতি দ্রুততম সময়ের মধ্যে এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এএএ




