
গাইবান্ধার পলাশবাড়ীতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা নিজের ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিতে গ্রামজুড়ে মাইকিং করেছেন এক ব্যক্তি! বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটে এই ঘটনা, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামে ঘোষণা দেন, আগামীকাল জুমার নামাজের পর আমি আমার ভাই হাবিজারের সঙ্গে মারামারি করব। সবাই জানেন রাখেন।
এই অদ্ভুত ঘোষণায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুদ্দুস মিয়ার এমন আচরণে গ্রামবাসী হতবাক হয়ে পড়েন। জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে কুদ্দুস মিয়া সিদ্ধান্ত নেন ছোট ভাইয়ের সঙ্গে ‘মুখোমুখি’ লড়াই করবেন এবং বিষয়টি সবাইকে জানাতে মাইকিং করেন।
ঘটনার ভিডিও দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনার পর বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং বলেছেন মাইকিং করে এমন ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।
স্থানীয়রা বলছেন, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ বহুদিনের। তবে বিষয়টি যেভাবে প্রকাশ পেয়েছে, তা এলাকাজুড়ে হাস্যরস ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
আরটিভি/এসকে




