গাইবান্ধায় এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মহিদুল ইসলাম সরদার (৪৮)। তিনি ওই গ্রামের নজির সরদারের ছেলে ও স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে মহিদুল ইসলামের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। দীর্ঘ সময় বাড়িতে তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ গণমাধ্যমকে বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/আইএম




