
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ৫ বছরের শিশুপুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ডালিয়া-তালতলা সড়কের ডালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম ও তার স্ত্রী স্থানীয় বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। অটোরিকশায় থাকা তাদের ৫ বছরের শিশু মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রংপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’
আরটিভি/এফএ




