
গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্পের কারণে তাড়াতাড়ি করে লোকজন বাইরে বের হওয়ার সময় বহু মানুষ পদদলিত হয়ে আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাসসহ অন্যান্য তিন প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন। স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা বহুতল ভবন হেলে পড়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
জানা যায়, টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড এবং চান্দনা চৌরাস্তা এলাকার কোষ্টটু কোষ্ট কারখানাসহ একাধিক শিল্প কারখানায় শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করলে সিঁড়িতে ধাক্কাধাক্কি ও পদদলিত হন। এ সময় আহত হন অন্তত শতাধিক শ্রমিক। জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিতের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অধিকাংশই হাতে, পায়ে ও বুকে আঘাত পেয়েছেন।
এদিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা বহুতল ভবন হেলে গিয়ে পার্শ্ববর্তী ভবনের ওপর ঝুঁকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রে জানা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ভবনটি পরিদর্শন করে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প বা হঠাৎ আতঙ্কে জনসমাগমে এ ধরনের পদদলিত ঘটনা এড়াতে শিল্প কারখানাসহ জনবহুল স্থানে নিরাপদ ব্যবস্থাপনার ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে, জরুরি নির্গমন পথ যেন সব সময় খোলা থাকে, তা নিশ্চিত করা আবশ্যক।
আরটিভি/এমএ




