
সিরাজগঞ্জের তাড়াশে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বী মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয়দেব সরকার (৪২)। তিনি উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের মৃত অনঙ্গ মোহন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেব সরকার মাঠে তার নিজের ক্ষেতে কীটনাশক ছিটাতে যায়। এ সময় সে মুখে কোনো প্রকার প্রতিরোধক ছাড়াই কীটনাশক ছিটাতে থাকলে বিষক্রিয়ায় ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে দ্রুত বাড়ি ফেরার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পাড়ে। পরে স্থানীয় লোকজন গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত কৃষক রফিকুল ইসলাম ও দুলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়ার্ড পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুধু কাগজে-কলমে কাজ করেন। কৃষকদের সচেতন করতে কোনো প্রকার কর্মসূচি দেখা যায় না। যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী বলেন, আমরা বিভিন্ন প্রশিক্ষণে, মাঠস্কুলে অথবা মাঠ দিবসে প্রত্যক্ষভাবে কৃষককে সচেতন করে থাকি। তাদেরকে সতর্ক করে বলা হয়, মুখে মাস্ক ও চোখে গ্লাস পরে, সকালে অথবা পড়ন্ত বিকেলে বাতাসের বিপরীতে কীটনাশক প্রয়োগ করতে। কিন্তু অনেক কৃষক রাসায়নিক সার অথবা কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এ নিয়ম মানতে চান না। তারা অধিকাংশ সময় নিজেদের মতো করে তা প্রয়োগ করেন। ফলে নানা বিপত্তির সম্মুখীন হতে হয়।
কুসুম্বী গ্রামের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/আইএম




