
মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসে একই সময়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জমিজমা সংক্রান্ত দলিল, নথিপত্র, কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ৩টার দিকে শহরের ইসলামপুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, দুষ্কৃতকারীরা গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দুটি অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার বলেন, দুষ্কৃতকারীরা অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কম্পিউটার, আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ দলিল ও নথি পুড়ে গেছে।
প্রায় একই সময় সাব-রেজিস্ট্রি অফিসেও একই ধরনের ঘটনা ঘটে বলে জানান সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী দাস। তিনি বলেন, রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখকদের কক্ষসহ পুরো নিচতলা আগুনে পুড়ে গেছে। এতে জমিজমার দলিল, রেকর্ড ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র ধ্বংস হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতা বলেই মনে হচ্ছে। আগুনে দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কিছু কম্পিউটার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরটিভি/এসকে




