
সুন্দরবনে কাঁকড়া ধরার সময় মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণের অভিযোগ জলদস্যুদের বিরুদ্ধে।
স্বশস্ত্র ১০ জলদস্যু রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনিয়া খালে কাঁকড়া ধরার সময় তাদের অপহরণ করে।
অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ(৫০), ইব্রাহিম হোসেন(৪৫), আনারুল ইসলাম(২২), নাজমুল হক(৩৪), শামিম হোসেন(৩৬), আনোয়ার হোসেন(৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।
ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়ার জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে দুই তারিখে তারা কাঁকড়া শিকারের জন্য বনে যায়। বনে গিয়ে একপর্যায়ে কাঁকড়া শিকারের জন্য রোববার তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদেরকে ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজনকে উঠিয়ে যাওয়ার পাশাপাশি বিকাশ নাম্বার দিয়ে সেখানে মুক্তিপণের টাকা পাঠানোর নির্দেশ দেয়।
জেলেরা আরও জানান, ঋণ করে তারা বনে গিয়েছিলেন। এখন চালান তুলতে না পারার পাশাপাশি মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে। প্রতিজনের মুক্তিপণ বাবদ ডন বাহিনী ৫০ হাজার টাকা দাবি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা জঙ্গলে রয়েছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি কোস্টগার্ডকেও অবহিত করা হয়েছে।
আরটিভি/এমএ




