
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্য্যান রশিদুল হাসান।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলীম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পারসোনেল শাহরীনা তানাজ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের ও বিএনপি নেত্রী মুর্শিদা জামান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এবার বিভিন্ন মিল এলাকায় গিয়ে দেখেছি কৃষকদের মধ্যে খুশির আমেজ। দেশের ১৫ চিনিকলের মধ্যে ৯টি চালু আছে। বাকিগুলো আগামীতে চালু করা হবে। কাঁচামালের কোনো ঘাটতি হবে না। এজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।’
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এবারই প্রথম ডিজিটাল ওজন যন্ত্রে মাপা হবে কৃষকদের আখ। মাপার সঙ্গে সঙ্গে আখের পরিমাণ ও টাকার পরিমাণ মোবাইল ক্ষুদে বার্তায় কৃষককে জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, এরইমধ্যে মিল এলাকায় ৪২টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকের আখের টাকা পরিশোধ করা হবে।
জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে কৃষকদের আখের মূল্য ধরা হয়েছে মণ ২৫০ টাকা। এটি সুগার মিলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। এবছর ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়েছে ৫.৫০ শতাংশ।
আরটিভি/এমএ




