
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বিদেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। বাড়তি সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমাদের পোষ্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনভাবেই অপরাধীরা সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে।
আরটিভি/এএএ




