
রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) একাধিকবার ধর্ষণের অভিযোগে সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার আবু বক্করের ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্ত সোহেল রানার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার (১৭ ডিসেম্বর) সোহেল রানা বিয়ের কথা বলে ওই কিশোরীকে রাজশাহী শহরে আসতে বলে।
সরল বিশ্বাসে ওই কিশোরী রাজশাহীতে আসলে সোহেল তাকে নগরীর লক্ষ্মীপুর মোড়-সংলগ্ন ‘ওয়ানল্যাব’ নামক একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষণের পর কৌশলে ওই কিশোরীকে রেখে সোহেল রানা সেখান থেকে সটকে পড়ে।
প্রতারিত হয়ে ওই কিশোরী বৃহস্পতিবার রাজশাহী নগরীর রাজপাড়া থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ঘটনার সত্যতা স্বীকার করেছে। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আরটিভি/এসকে




