
কুষ্টিয়ায় দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাংচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে গভীর রাতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা। টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর রাত দেড়টার সময় শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলোর অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
প্রথম আলোর কুষ্টিয়া অফিস প্রধান সাংবাদিক তৌহিদী হাসান বলেন, তিনি ট্রেনিং এ ঢাকায় অবস্থান করছেন। তবে প্রথম আলোর ঢাকা অফিসে হামলা হলে তিনি সাথে সাথে কুষ্টিয়ার প্রশাসনকে ফোন করে তার অফিসেও হামলার আশংকার কথা জানিয়েছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভাঙচুরের কয়েকটি খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরটিভি/এএএ




