
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবদল নেতা আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া–রাজবাড়ী রেলপথের কুমারখালী রেলস্টেশনের পূর্বপ্রান্তে ফুলতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৪০)। তিনি জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রেলগেট না থাকায় শহিদুল ইসলাম পালসার মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনটি খুব কাছে চলে এলে তিনি মোটরসাইকেল ফেলে লাফিয়ে প্রাণে বাঁচেন। তবে ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেলটি ছিটকে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুইটি মোটরসাইকেলই ক্ষতিগ্রস্ত হয়।
আহত শহিদুল ইসলাম জানান, ট্রেনটি কাছাকাছি চলে আসায় দিশেহারা হয়ে তিনি লাফ দেন। এতে তার হাত ও পায়ে আঘাত লাগে এবং মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
কুমারখালী রেলস্টেশনের মাস্টার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফুলতলা এলাকাটি অনুমোদিত ক্রসিং নয়। এ কারণে সেখানে রেলগেট স্থাপন করা হয়নি। তবে স্থানীয়রা লিখিতভাবে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
আরটিভি/এএএ




