
জামালপুরে মাদারগঞ্জে যমুনা নদীতে আটকে থাকা যাত্রীবাহী নৌকা ১৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। তীব্র শীতের মধ্যে মাঝ নদীতেই রাত পার করে অবশেষে ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে যমুনার মাঝ নদীতে আটকে থাকা বর-যাত্রীবাহী নৌকাটি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নৌকাটি উদ্ধার করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটে নেয়া হয়। যাত্রীদের সকলেই সুস্থ ও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলোয়ার হোসেন।
ফায়ার সার্ভিস ও আটকা পড়া নৌকার যাত্রীরা জানান, বগুড়া থেকে জামালপুর ফেরার পথে বরযাত্রী বহনকারী নৌকাটি শুক্রবার রাতভর যমুনার মাঝ নদীতে অবস্থান করে। শনিবার ভোরে মাছ ধরার একটি নৌকা দিয়ে তারা জামথল ঘাটের দিকে ফেরার চেষ্টা করে। জামথল ঘাট থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আরও একটি নৌকা পাঠিয়ে দিয়ে তাদের নিরাপদে ঘাটে নেয়া হয়। পরে সকল যাত্রী নিরাপদে তাদের বাড়ী পৌঁছে।
বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু বলেন, শীতের এই দীর্ঘ রাত জীবনের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। শিশু বাচ্চা নিয়ে অনেক কষ্টে রাত পার করেছি। আমরা সবাই সুস্থভাবে ফিরতে পেরেছি।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের অয়্যার হাউজ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জানান, শনিবার ভোর থেকেই উদ্ধারের চেষ্টা করি। ঘন কুয়াশার কারণে চোখে কিছুই দেখা যাচ্ছিল না। জায়গাটি বগুড়ার সারিয়াকান্দি এলাকার মধ্যে। পরে সকালে ঘাট থেকে নৌকা পাঠিয়ে দিয়ে তাদরে নিরাপদের উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানি (২১) এর বিয়ে উপলক্ষে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় যায়। বিয়ের কাজ শেষে বর-কনেসহ সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কলীতলা ঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বরযাত্রী বহনকারী নৌকাটি যমুনার মাঝ নদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি পথ হারিয়ে ফেলে। অবশেষে ১৬ ঘণ্টা পর নিজ বাড়িতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যমুনায় আটকে থাকা যাত্রীরা।
আরটিভি/এএএ




