
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের ডিস্টিলারির গোডাউন থেকে প্রায় ৩০০ কার্টন ফরেন লিকার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এই পরিমাণ ফরেন লিকার বাজার মূল্যে প্রায় অর্ধ কোটি টাকা ছাড়িয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখতে ডিস্টিলারির কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটি মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। ফরেন লিকার বিভাগের সুপারভাইজার আবুল কালাম জানান, প্রতিদিন উৎপাদিত ফরেন লিকারের হিসাব-নিকাশ করা হয়, তবে একই সংখ্যা দ্বিগুণভাবে হিসাবের অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, ফরেন লিকার উৎপাদন বিভাগের প্রধান ও গোডাউন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, দিনের শেষে মালামালের হিসাব সঠিক পাওয়া গেছে এবং কোন গরমিল ধরা পড়েনি।
জিএম (ডিস্টিলারি) রাজিবুল হাসান অভিযোগটি অস্বীকার করে বলেন, গোডাউন পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় রয়েছে, তাই ৩০০ কার্টন ফরেন লিকার উধাও হওয়ার ঘটনা সঠিক নয়।
কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হিসাব বিভাগের প্রধান গোলাম জাকারিয়াকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।
আরটিভি/এসকে


