
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিষ্ঠিত হয় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসলেও গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয়ায় যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা।
এদিকে গত ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে ফের উৎপাদন বন্ধ রয়েছে কারখানায়।
সূত্র আরও জানায়,যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন। দীর্ঘদিন সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকটে হওয়ায় শঙ্কায় দেখা দিতে পারে।
এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ করে অতি দ্রুত সময়ে উৎপাদনে যাওয়া যাবে বলে জানান তিনি।
আরটিভি/এএএ




