মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারাল যুবক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০২:৫৬ এএম


মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারাল যুবক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল রেস খেলতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক।

নিহত রায়াতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন বন্ধু মিলে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল চালিয়ে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি রাস্তায় উলটে গিয়ে দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন তিন বন্ধু রায়াতুল ইসলাম রবি (২১), বিজয় (২২) ও হাবিব (২২)। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সাইন বোর্ড এলাকায় প্রো অ্যাকটিভ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রায়াতুল ইসলাম রবিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত নম্বরবিহীন মোটরসাইকেল দুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission