
নড়াইলের কালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(১৯ জানুয়ারি) সকালে কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের পিতাসহ উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত সাব্বির হোসেন নামে(২৪) ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের সঙ্গে তার ভাই রুহুল মোল্যার জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এই নিয়ে তৌহিদুলের ছেলে সাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল এবং চাচাতো ভাই নাদের ও নাহিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সাব্বির ও তার পিতা তৌহিদুল মারাত্মক জখম হন। গুরুতর আহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অভিযুক্তরা পলাতক রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
আরটিভি/এমআই/এআর


