
নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপ-প্রচারের প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সনাতন ধর্মালম্বীদের ট্রামকার্ড হিসেবে ব্যবহার করা হয়। এবারও কালিয়ায় ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বলিয়ে পুড়িয়ে দেয়ার যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও ট্রামকার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা আর কোন রাজনৈতিক দলের ট্রামকার্ড হিসেবে ব্যবহার হতে চাই না। আমরা জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমরা শান্তিপুর্ণভাবে বসবাস করছি। কেউ তাদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করবেন না। ফেসবুকসহ ভারতীয় কিছু মিডিয়ায় হিন্দু বিশেষ উদ্দেশ্য নিয়ে হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।
বক্তারা বলেন, সম্প্রতি নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সভাপতি ও কালিয়া পৌর শহরের ঘোষপাড়ার বাসিন্দা কৃষ্ণপদ সাহার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনাকে ‘সংখ্যালঘু নির্যাতন’-এর তকমা দিয়ে সমাজে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যমণ্ডিত একটি জেলা। যুগ যুগ ধরে এ জেলায় হিন্দু ও মুসলমান সম্প্রদায় সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করে আসছে। এখানে অসাম্প্রদায়িকতার সুবাতাস প্রবাহমান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থানে রয়েছে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখা সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল সদর থানা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, নিত্যানন্দ বসু, তারক চন্দ্র হাজরা সহ অনেকে।
আরটিভি/এমএম


