
নারায়ণগঞ্জের সোনারগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর, দোকানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার পাঁচানি গ্রামের হামিদুল ইসলামের সঙ্গে বালু ভরাট ও মাদক ব্যবসায় বাধা দেওয়া ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। পরে বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



