
বয়লার টিউব ফেটে যাওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৮ জানুয়ারি সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম।
তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সালের ১৭ নভেম্বর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে।
গত বছরের ১৬ অক্টোবর ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, বুধবার ১নং ইউনিটি চালু করার পর ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রথম ইউনিটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে। ১নং ইউনিটের মেরামত শেষে বুধবার বিকেল আটটায় বয়লারে ফায়ারিং শুরু করা হয়। পরে রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এরপর রাত সাড়ে ১১টা থেকে ১ নং ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের অন্য ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে উৎপাদনে ফিরবে তাপ বিদ্যুৎ আশা করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে/এসআর




