
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত রেখে দেশের বিভিন্ন স্থানে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের মৎস ইনস্টিটিউটে অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াডসহ তিনটি বিশেষ স্কোয়াড জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তা জোরদারের জন্য ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবির জোয়ানরা।
বিশেষ করে যশোর ব্যাটালিয়ন তাদের অধীনে থাকা ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১টি প্লাটুন মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, র্যাট ও কিউআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে। পাশাপাশি কে-৯ ডগ স্কোয়াড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত রাখতে নিবেদিতপ্রাণভাবে দায়িত্ব পালন করবে।
আরটিভি/এসকে




