
সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, সীমান্তের ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছে ছাটকড়াইবাড়ি নামক স্থানে চোরাচালান করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম




