জামালপুরের বকশীগঞ্জে পাম্পে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করায় শাকিল হাসান (২৫) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
জানা গেছে, পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ পন্থায় ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন শাকিল হাসান। বিষয়টি জানতে পেরে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুরাদ হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর




