
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাবেশের বক্তারা। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তাঁরা।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই আজ দেশের সর্বত্র যেভাবে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা লুটতরাজ চাই না। আমরা আমাদের দেশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
কম্পিউটার অপারেটর মো. নূরুল ইসলাম বলেন, সম্প্রতি সারা দেশে যে অস্থিতিশীলতা, সহিংসতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর আমরা দেখেছি, তা কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্থানের সমস্যা নয়। এটি আমাদের সামগ্রিক নিরাপত্তা, মানবিক বোধ এবং স্বাভাবিক জীবনযাত্রার ওপর আঘাত। সহিংসতা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সন্ত্রাসের পথ মানুষকে কেবল পেছনে টানে, কেড়ে নেয় সাধারণ মানুষের স্বস্তি, স্বপ্ন আর নিরাপদ আগামী।
অফিস সহায়ক মো. শাহজালাল বলেন, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ যখন একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ২০২৪ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী আবারও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের ধিক্কার জানাই।
জাবিপ্রবির রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, বিগত কিছুদিন ধরে একটি নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এই নৈরাজ্যের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর



