নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।
রোববার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নরোত্তমপুর গ্রামের আতিক উল্লাহ হাজী বাড়ির জোবায়েদ ও নুর নাহার বেগমের মেয়ে নিহা (৩) এবং একই বাড়ির ইউসুফ ও তাসলিমা আক্তারের মেয়ে জান্নাত (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। পরে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, নরোত্তমপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনও অভিযোগ নেই। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
আরটিভি/এমএ




