
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত ও ২ শতাধিক শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাজরীন ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শোয়েব আহমেদ, পুলিশ পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত, আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শেষে পুলিশ সুপার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার বিষয়ে অবহিত হন। তিনি যেকোনো প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আহত শ্রমিক ও স্বজনদের। একই সঙ্গে উপস্থিত ভুক্তভোগী শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।
আরটিভি/এমএইচজে




