দিনাজপুরের হিলিতে পড়ালেখা ও পরিবারের খরচ মেটাতে দুই বন্ধু মিলে গড়ে তুলেছেন আলু পরোটা নামের মুখরোচক খাবারের দোকান। তাদের এই খাবারের সুনাম এলাকা ছাড়িয়ে পৌঁছেছে পাশ্ববর্তী এলাকায়।
স্বাদ ভালো হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন তার দোকানে। বিক্রি ভালো হওয়ায় দারুন খুশি তারা সামনে বড় পরিসরে করার উদ্যোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম মোড় সংলগ্ন প্লাষ্টিক দিয়ে ছাউনি দেওয়া ছোট একটি দোকান। প্রতিদিন সন্ধ্যায় এই দোকানের সামনে গেলেই চোখে পড়বে এক ভিন্নরকম দৃশ্য। মানুষের বেশ একটা লাইন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন তারা। গরম গরম সুস্বাদু আলু পরাটা খেতেই মানুষের এমন লাইন নজরে পড়বে। প্রতিটি আলু পরোটা বিক্রি করছেন মাত্র ১৫ টাকায়। এর সঙ্গে রয়েছে নানা ধরনের মজাদার ভর্তা।
এখানে খেতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দোকানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে তাই খেতে হলে সিরিয়াল দিতে হয়। অনেক সময় দীর্ঘক্ষন অপেক্ষা করেও মানুষ শুধু এই আলু পরোটার স্বাদ গ্রহনের জন্য দাঁড়িয়ে থাকেন। আবার কোন দিন না আলু পরোটা পেয়ে আক্ষেপ নিয়ে ফিরেও যেতে হয় অনেককে।
স্বাদ আর দামের কারণে প্রতিদিনই হিলিসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আলু পরোটা খেতে ছোট বড় সবাই ছুটে আসেন তাদের এই দোকানে। তবে আসলেই যে সাথে সাথে খাবার খেতে পারছেন এমনটি নয়।
আলু পরোটা বিক্রেতা সিহাবের সাথে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী সিহাব পড়ালেখা ও পরিবারের খরচ মেটাতে বন্ধুকে নিয়ে কিছু করার চিন্তা করছিলেন। এমন সময় তাদের মাথায় আসে আলু পরোটার কথা। সেই থেকে শুরু ধীরে ধীরে এই খাবার বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তারা দিনে পড়ালেখা ও সন্ধ্যায় দোকান করেন। যা আয় হয় এতে সুন্দরভাবে পড়ালেখা ও সংসারের খরচ চলছে। তাদের এই দোকানে প্রতিদিন মাত্র ৩ ঘন্টায় বিক্রি হয় ৩শ থেকে ৪শ পিচ আলু পরোটা যা সত্যিই অবাক করার মতো।
আরটিভি/এসএস



