ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে তর্ক ও মারামারিতে আজিজুল মোল্লা (৬৫) নামে এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে।
হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।
জানা গেছে, ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সঙ্গে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা আজিজুল মুন্সি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ।
তিনি জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে



