
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লাডাঙ্গী এলাকায় প্রায় ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু। মানিকোঠা বাজার ও চৌকদার বাজারের সংযোগ সড়কে অবস্থিত সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। দুই পাশের রেলিংয়ের অধিকাংশই নেই। সেতুর ওপর ও সংযোগ সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। কোথাও উঠে গেছে কংক্রিটের ঢালাই, বেরিয়ে পড়েছে রড। এমন অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনেও সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। শীতের ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের অধিকাংশ রেলিং ভেঙে যাওয়ায় নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। সেতুটি তুলনামূলক সরু হওয়ায় বিপরীত দিক থেকে দুটি ছোট যানবাহন একসঙ্গে উঠলে চালকদের বিপাকে পড়তে হয়। এর ওপর সেতুর বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও পিচ্ছিল অংশ থাকায় যানবাহন চলাচলে তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি। বিশেষ করে রেলিং না থাকায় সামান্য অসতর্কতায় যানবাহন সেতু থেকে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের আমলে ১৯৯০ সালে একনেকে অনুমোদনের পর সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ২০ মিটার দীর্ঘ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শফিক রহমান বলেন, আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও চিকিৎসাপ্রার্থীদের এ পথ দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা সদর ও স্বাস্থ্যকেন্দ্রে যেতেও সেতুটি ব্যবহার করেন তারা। কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটির এমন অবস্থা থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী আমির মিয়া বলেন, সেতুর রেলিং ভেঙে যাওয়ার পাশাপাশি ওপরের অংশেও একাধিক গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ছোট যানবাহন চলাচল করে। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ এত বছরেও সেতুটি মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
অটোচালক আবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেতুটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। রাতে চলাচল করা আরও কঠিন। এখন শীতের সময় ভোর ও রাতে ঘন কুয়াশায় সেতুর ভাঙা অংশগুলো ঠিকমতো দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।’
স্থানীয়দের অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার কথা একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) জানানো হলেও এত দিন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড বা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়নি। তাদের দাবি, দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। সম্ভব না হলে নতুন সেতু নির্মাণ করা হোক।
আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, সেতুটির বেহাল অবস্থার বিষয়টি আমি একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি। উপজেলা এলজিইডি কার্যালয়েও লিখিতভাবে জানিয়েছি। সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এ বিষয়ে বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। এটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় স্থানীয় মানুষের চলাচলে যে দুর্ভোগ ও ঝুঁকি তৈরি হয়েছে, সেটিও আমাদের নজরে রয়েছে। তবে আশার কথা, সেতুটি নির্মাণের প্রস্তাব একনেকে ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। শিগগিরই সেখানে ২৪ ফুট প্রশস্ত নতুন সেতু নির্মাণ করা হবে।
আরটিভি/এমএম


