বগুড়ায় জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক চৌধুরী (৫০) উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নিহত মানিকের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে ঢুকে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সকালেই এক দফা বাকবিতণ্ডা হয়। ঘটনার জেরে সোমবার রাতে মানিক ঝাজিড়া বাঙালি বাজারে গেলে কাকরুল ও তার ভাতিজা রেজাউলসহ বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
পরে গুরুতর আহত মানিক চৌধুরীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম



