মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধান কেনাবেচার সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান চালান সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধান কেনাবেচার সময় পরিমাপে অনিয়ম করে প্রতি লেনদেনে প্রায় ১০ থেকে ১২ কেজি পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



