পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ২ হাজার ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা নিয়ে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা।
শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা তুষখালী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শত শত ফুটবলপ্রেমী অংশ নেন। সবুজ-হলুদ রঙের বিশাল পতাকা বহন করে তারা প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। এ সময় সমর্থকদের উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ব্রাজিল সমর্থক আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দলের প্রতি তাদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এ আয়োজন করা হয়েছে।
তারা বলেন, ফুটবল মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই লক্ষ্য থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় পতাকা নিয়ে শোভাযাত্রা এলাকায় বিরল ঘটনা। এ আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সড়কের পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো মোবাইল ফোনে ধারণ করেন।
আরটিভি/এমএইচজে



