ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খরমপুর বাইপাস মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কাশেম মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার রুটি এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে খরমপুর বাইপাস মোড়ে পার্শ্ববর্তী সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিহতের মরদেহের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছেন। এছাড়া স্থানীয় লোকজন ট্রাকটি ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আরটিভি/এমএইচজে




